খামারের প্রথম গরু

নতুন খামারের প্রথম গরুটা ছিল ও। খামারে তখন আরও অনেক গরু, তবু ওদের ভিড়ের মাঝেও ও ঠিক আমাকে আলাদা করে চিনত। আমি এগিয়ে গেলেই মাথা তুলে তাকাত, কাছে গেলে মাথা দিয়ে আলতো করে গুঁতো দিত। বোবা প্রাণীর কী অদ্ভুত মায়া।

খামারে মাটিতে শুয়ে থাকা গরুর পাশে চুপচাপ বসে থাকা অবস্থায়

আজ ওর বিদায়ের দিন।

আশ্চর্যের বিষয় হলো, অভিমানীর মতো পুরোটা সময় ও মাথা নিচু করে থাকল। যাওয়ার আগে একবারও মুখ তুলে তাকাল না। আমি কিছু বলতে পারিনি। শুধু চুপচাপ ওর পাশে বসে ছিলাম।

বুকের ভেতর কী যেন একটা ভাঙছিল, অথচ কিছুই মেলাতে পারছিলাম না।

মায়া জিনিসটা বড্ড ভয়ংকর। কখন যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, টেরও পাওয়া যায় না। অথচ দিনশেষে কোনো কিছুই আমাদের নিজের থাকে না, এটাও আমরা জানি। জানার পরও জড়িয়ে পড়ি।

ভালোবাসতে ভয় পাওয়ার কোনো অসুখ থাকলে আমার হয়তো সেটাই আছে।

ছোটবেলায় আমার পোষা কুকুরটাকে ওরা বড় নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিল। সেই যে বুকে ভয় ঢুকল, এরপর জীবনে আর কোনো প্রাণী কাছে টানার সাহস হয়নি। কাছে যেতাম, কিন্তু মন খুলে জড়াতে পারতাম না।

তবু খামারে এসে সেই দেয়ালটা একটু একটু করে গলতে শুরু করেছে। গরুগুলো রোজ একই সময়ে খেতে আসে, একই সময়ে শুয়ে পড়ে। ওদের ভেতরে কোনো অভিনয় নেই। যে খায়, খায়। যে ভালোবাসে, ভালোবাসে। এত সোজা ভাষা আর কোথাও শুনি না।

আমরা সবাই আসলে কষ্ট পেতে বড্ড ভয় পাই। তাই আগেভাগে একটু দূরত্ব বানিয়ে রাখি, যেন হারালে কম লাগে। কিন্তু কম লাগে না। বরং আগেই কিছুটা হারিয়ে ফেলি।

খামারে দুই গরুকে জড়িয়ে ধরে কপাল ঠেকিয়ে রাখা অবস্থায়

ও চলে গেল। খামারে কাজ চলবে, নতুন গরু আসবে। কিন্তু প্রথম গরুটা আলাদা থাকবে, কারণ ও আমাকে চিনত, আর সেই চেনাটাই আমার কাছে সবচেয়ে বড় ছিল।

মায়া করলে কষ্ট হয়, এ কথা তো আমরা সবাই জানি। জেনেও মায়া করি। আমরা তো আর দুনিয়ার সব হিসেব কষে চলতে পারি না। কিছু বিষয় এসে যায়, না চাইতেও।


আমাদের খামারের নাম Khamarvest।

Written by . Software engineer from Bangladesh. I ship products end to end, from the browser to the board: code generation, firmware and PCB tooling at IDEEZA, and my own products ProcureIndex, Akhra and Kommercly. Also farms, cycles and fights MMA.

Published

Get new logs by email. No spam, unsubscribe anytime.