ছাদের শান্তি

ছোটবেলা থেকেই বাস বা ট্রেনের ছাদ আমাকে টানে। কেন টানে, ঠিক জানি না। শুধু জানি, ছাদে উঠলেই ভেতরে একটা আলাদা শান্তি কাজ করে।

যদিও আমাদের দেশে অনেক কর্মজীবী মানুষ ছাদে ওঠেন কম ভাড়ায় যাতায়াতের জন্য, তাঁদের কাছে এটা প্রয়োজন। আমি উঠি অন্য কারণে, আর সেই কারণটা বুঝতে হলে একবার ছাদে উঠে বসতে হয়।

বাস চলতে শুরু করলে খোলা আকাশের নিচে বাতাস এসে গায়ে লাগে, আর ধীরে ধীরে সমাজের সব বেড়াজাল পেছনে পড়ে থাকে। মনে হয়, এতক্ষণে নিজের শান্তির জায়গাটা খুঁজে পেলাম।

তারপর চোখের সামনে খুলতে থাকে বাংলাদেশ। দুই পাশে শুধু জমি, ফসলি জমি। একটু পর একটা গ্রামীণ বাজার, তারপর আবার জমি। কোথাও নদী, কোথাও খাল, তার ওপর দিয়ে ব্রিজ। মাঠে ছেলেপেলে খেলাধুলা করছে। একটার পর একটা দৃশ্য আসে আর চলে যায়, আর যেতে যেতে মনে হয়, নিজের অস্তিত্বের টুকরোগুলো যেন একসাথে দেখতে পাচ্ছি।

এই কারণেই ছাদটা আমার কাছে শুধু একটা জায়গা না। মন খারাপের দিনে এখানে এসে হালকা হই। বন্ধুরা মিলে উঠলে এখানেই তৈরি হয় ভালো লাগার মুহূর্তগুলো। ধীরে ধীরে বাসের ছাদ হয়ে গেছে আমার জীবনের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা।

বড় হতে হতে জীবন ব্যস্ত হয়ে যায়। কাজের ভিড়ে মাঝে মাঝে জীবনটাকে অনুভব করতেই ভুলে যাই। তখন মনে হয়, আনন্দ ফিরে পাওয়ার উপায়টা হয়তো খুব সহজ: একটা বাস, একটা ছাদ, আর খোলা বাতাস।

তাই এই লেখা আর ছবিগুলো রেখে গেলাম। যেন অনেক দিন পর ফিরে এসেও এই শখ, এই আহ্লাদ, যা-ই বলি, ভুলে না যাই।